নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন এবং মতিঝিল থানার পৃথক মামলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রাক্তন সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে পাপিয়াকে আদালতে হাজির করে পল্টন থানার দুই মামলায় ও মতিঝিলের এক মামলায় ৩০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান প্রত্যেক মামলায় একদিন করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৫ সালে জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করেন পুলিশ।

১৬ জুন হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৯ মামলায় পাপিয়া নিম্ম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

শুনানি শেষে পল্টনের পাঁচ মামলায় ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান, লালবাগের এক মামলায় ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমান এবং মিরপুরের তিন মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ এ মামলাগুলো দায়ের করে।

এমকে