রাজধানীর বিভিন্ন এলাকায় বাস পোড়ানোর ঘটনায় করা মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৭৯ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব আসামিকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আজ সোমবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  এ আদেশ দেন।

বিএনপির নেতাকর্মীদের পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল।

ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, 'উদ্দেশ্যপ্রণোদিত হয়ে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এসব মামলা করা হয়েছে। আজ শুনানি শেষে আদালত ৭৯ জন আসামিকে জামিন দিয়েছেন।'

গত ১৮ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনসহ ১৩৮ জন নেতাকর্মীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির ৩৮ জন সিনিয়র নেতাসহ পাঁচ শতাধিক কর্মীর বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপিনেতা গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী জাহাঙ্গীর হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

গত ১২ নভেম্বর দুপুরের পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১১টি বাস পোড়ানো হয়। এসব ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করে রাজধানীর বিভিন্ন থানায় ১১‌টি মামলা হয়। এর বাইরে পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায়ও মামলা হয়েছে। তাতে মোট আসামি সাড়ে ছয়শর মতো। এর মধ্যে বাস পোড়ানো মামলার আসামি সাড়ে পাঁচশর মতো।

এমআর