জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর খালাস চেয়ে দায়ের করা রিভিউ আবেদন এবং সাজা বৃদ্ধির আবেদন জানিয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ শুনানি আগামী ৬ এপ্রিল বৃহস্পতিবার হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ সোমবার অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘আগামী ৬ এপ্রিল দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজার বিষয়ে রিভিউ আবেদনের শুনানি হতে পারে আশা করছি।’

মাওলানা সাঈদীর সাজার বিষয়ে করা রিভিউ আবেদন বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।

আজ সোমবার প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত চার সদস্যের আপিল বেঞ্চের কার্যতালিকার ১৪৭ নম্বর ক্রমিকে আবেদনটি ছিল। আজ আপিল বিভাগের কার্যতালিকার এক থেকে ৭৩ নং মামলার শুনানি হয়।

একাত্তরেরমানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর মাওলানা সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আপিল বিভাগের এই রায়ের পর ২০১৬ সালের ১২ জানুয়ারি মাওলানা সাঈদীর সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) চেয়ে রাষ্ট্রপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করে।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আবেদনের পাঁচ দিন পর (১৭ জানুয়ারি) খালাস চেয়ে রিভিউ আবেদন করেন দেলাওয়ার হোসাইন সাঈদী। মোট ৯০ পৃষ্ঠার রিভিউ আবেদনে আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেতে ১৬টি যুক্তি দেখানো হয়েছে।

এমবি