আনন্দ শিপইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় জনতা ব্যাংক লিমিটেডের সাবেক ছয় ঊর্ধতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- ব্যাংকের লোকাল অফিসের সাবেক ফাস্ট অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এফএজিএম) মো. মুশফিকুর রহমান, সাবেক অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (আইসিডি) ইসরাফিল সিকদার, সাবেক এফএজিএম (আইসিডি) এম এ মতিন, সাবেক ম্যানেজার (আইসিডি) মো. মাহফুজুর রহমান, সাবেক এজিএম (আইসিডি) পূর্ণেন্দু কুমার রায়, সাবেক এজিএম (আইসিডি) সাগর আহমেদ।

দুদক সূত্র জানায়, জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এ সব ঋণ দেয়া হয়।

এএইচ