প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলার অভিযোগে সরকার দলীয় সংসদ সদস্য সুবিদ আলী ভুঁইয়ার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যপদ শিকদারের আদালতে মানহানির মামলাটি দায়ের করেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার যুবলীগ নেতা মুহাম্মদ জিলানী সরকার।

আদালত মামলাটি আমলে নিয়ে শেরে বাংলা নগর থানা পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এদিকে, গত ১৭ আগস্ট সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে উল্লেখ করেন মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া।

এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর এক সংবাদ সম্মেলনে সুবিদ আলী বলেন, ‘জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছি, এ কথার প্রমাণ দিতে পারলে আমি দল ও সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করবো।

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সুবিদ আলী ভুঁইয়া তার প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন।

তিনি সেনাবাহিনীর চাকরি শেষে বিএনপির মনোনয়ন চেয়ে না পেয়ে ২০০১ সালে কুমিল্লার দাউদকান্দি (কুমিল্লা-১) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

এরপর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০৮ সালে নৌকা প্রতীকে প্রার্থী হয়ে বিএনপির প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেনকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

এসএম