কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ তিন সন্ত্রাসীর মৃত্যু হয়েছে।
পুলিশের দাবি, এ ঘটনায় তিন পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাহারছড়ার পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় তৈরী বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ ও ৮ রাউন্ড কাতুর্জের খোসা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, নিহত তিন রোহিঙ্গা শীর্ষ ডাকাত ছিলেন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রাতে গোপন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গ ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তিন রোহিঙ্গাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।
পরে সেখানে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
এএস





