সিলেটের শিল্পপতি ও কথিত দানবীর রাগীব আলীর মালিকানাধীন দৈনিক ‘সিলেটের ডাক’পত্রিকার ডিক্লারেশন বাতিল করে জেলা প্রশাসকের নোটিশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে ‘সিলেটের ডাক’পত্রিকা প্রকাশে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ (বুধবার) এক আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আবদুল হালিম কাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে আইনজীবী আবদুল হালিম কাফী জানান, গত ১৫ জুন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়। এ পত্রিকার মালিক-প্রকাশক রাগীব আলীর দণ্ড হওয়ার কারণে ডিক্লারেশন বাতিল করা হয়। এরপর রিট করা হলে আদালত রুল জারি করেন। সম্প্রতি তিনি জামিন পেয়েছেন এবং দণ্ডের বিরুদ্ধে তাঁর আপিল আদালতে বিচারাধীন আছে।
এমবি





