বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনে মঙ্গলবার ৩০ আগস্ট রাতে প্রচারিত একটি টকশোর বক্তব্য আদালত অবমাননাকর কি-না, তা খতিয়ে দেখতে ওই অনুষ্ঠানের অডিও, ভিডিও ও ট্রান্সক্রিপ্ট আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে বলেছেন আপিল বিভাগ।
আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
সময় টেলিভিশনের সিইও বা প্রযোজককে ওই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দফতরের মাধ্যমে এসব রেকর্ড জমা দিতে হবে।
সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে অবহিত করেন যে, সময় টিভিতে গতকাল মঙ্গলবার রাতে টকশো’ প্রচারিত হয়েছে। সেখানে আপিল বিভাগ, মীর কাসেম আলীর মামলার রায় ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। এসব বক্তব্যে আদালত অবমাননাকর কোনো মন্তব্য আছে কি-না, তা খতিয়ে দেখা দরকার।
সকাল সাড়ে ৯টার দিকে আদালত বসার পর অ্যাটর্নি জেনারেল দাঁড়িয়ে সময় টিভির সেই টকশোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, এই আদালত, ট্রাইব্যুনাল ও মীর কাসেমের রায় নিয়ে টকশোতে যে সব আলোচনা হয়েছে, তা অবমাননাকর কি-না, তা খতিয়ে দেখা উচিত। এ সময় আদালত ওই টেলিভিশন স্টেশনের নাম জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল জানান, সময় টিভি। এরপরই টকশোর রেকর্ড তলব করেন আপিল বিভাগ।
জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় সময় টিভির আলোচনা অনুষ্ঠান সম্পাদকীয়তে যুদ্ধাপরাধের বিচার এবং কাঠগড়ায় প্রসিকিউশন শিরোনামে আলোচনা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের।
অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ও সাংবাদিক স্বপন দাশগুপ্ত।
এমবি





