চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান মেয়র মনজুর আলম এবং সাবেক মেয়র হালহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা যায়,বর্তমান মেয়র মনজুর আলম এবং সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জমি বেশি দাম দেখিয়ে সমঝোতার ভিত্তিতে তারা মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন।

মেয়র মনজুর ওই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আর আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী ও ভাইস চ্যান্সেলর অনুপম সেন ওই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য।

দুদকের অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের নামে কেনা ১ দশমিক ৬৬৮ একর জমির (দলিল নম্বর ৭৯২১, তারিখ ২৮/০৫/২০১৪) মূল্য দেখানো হয় ২১ কোটি টাকা। অথচ ওই জমির বাজার মূল্য ১০ কোটি ৩৯ লাখ টাকা। বিশ্ববিদ্যালয় ট্রাস্টিবোর্ডের সদস্যরা পরস্পর যোগসাজশে বেশি মূল্যে ক্রয় দেখিয়ে ৯ কোটি ৬১ লাখ টাকা আত্মসাৎ করেন।

জানা যায়, দুদকের অভিযোগ বাছাই শেষে কমিটি মতামতের পরিপ্রেক্ষিতে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে দুদকের উপ-পরিচালক কে এম মিছবাহ উদ্দিনকে অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

তবে শিগগিরই দুদকের এ কর্মকর্তা 'প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের' জমি ক্রয় সঙক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র চেয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠাবেন। তথ্য উপাত্ত পাবার পর নিখুতভাবে পরীক্ষা নিরীক্ষার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুদক থেকে তলবি নোটিশ পাঠানো হবে বলে জানা যায়।
একে