রাজধানীর রামপুরায় একটি বেসরকারী কোম্পানীর সাইট ম্যানেজার আলম খান (৫৮) গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
শুক্রবার দুপুর ২ টায় তিনি গুলিবিদ্ধ হলে দুপুর পৌণে ৩ টায় হাসপাতালে চিকিৎসার জন্য জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়।
রামপুরা থানার ওসি আলমগীর হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ২ টায় এই ঘটনা ঘটে। কি কারণে কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। জড়িতদের খুঁজে বের করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবন নির্মাণ নিয়ে চাঁদা সংক্রান্ত ব্যাপারে আলমকে গুলি করেছে সন্ত্রাসীরা।
আলমের ভাতিজা জাবেদ জানান, তার চাচা আলম খান (৫৮) রামপুরা থানাধীন টিভি সেন্টারের পাশে নির্মাণাধীন লুবিনাস কন্সট্রাকশন কোম্পানি কর্তৃক ভবনের সাইট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। এ সময় গলি থেকে আসা ৫/৬ জন সন্ত্রাসী তাকে ডেকে গলির ভিতরে নিয়ে গিয়ে ডান পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
জাবেদ আরো জানান, আলম মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়াভাঙ্গা গ্রামের (মৃত) জাবেদ খানের পুত্র।
ঢাকা,২০ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ