গুলশানে একটি বিপণি বিতানের সামনে গুলিতে নিহত হওয়া ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার কার্যদিবসের শুরুতে এ দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার।
আজ (মঙ্গলবার) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত প্রতিবেদন না দেওয়ায় পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণি বিতানের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়।
ওই বিপণিবিতানের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে মিল্কির এক সময়ের সহযোগী যুবলীগের আরেক নেতা জাহিদ সিদ্দিকী তারেকসহ ভাড়াটে খুনিরা তাকে হত্যা করে বলে নিশ্চিত হন পুলিশ কর্মকর্তারা।
এ ঘটনায় মিল্কির ছোট ভাই রাশেদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় এজাহার নামীয় ১১ জন এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।
এআই





