একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ কার্যতালিকা প্রকাশিত হয়েছে। বুধবারের (২২ এপ্রিল) কার্যতালিকায় এ মামলা ২ নম্বরে রয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ শুনানি গ্রহণ করবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে গত বছরের ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম আলী। দেড়শ’ পৃষ্ঠার মূল আপিলসহ ১ হাজার ৭৫০ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন তিনি। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি দাখিল করেন তার আইনজীবীরা।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীকে গত বছরের ২ নভেম্বর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি শাহীনুর ইসলাম ও বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-২।
জেএ/জেআই





