নিজামীর রায় নিয়ে মামলার আইনজীবীরা পাল্টা পাল্টি মন্তব্য করেছেন। তারা একে অপরের যুক্তিকে অনর্থক দাবি করে নিজেদের যুক্তির উপর রয়েছেন অটল। টাইমনিউজবিডিকে দেয়া সাক্ষাৎকারে তারা এ মন্তব্য করেন।

নিজামীর মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর মোহাম্মদ আলী টাইমনিউজবিডিকে জানান, দীর্ঘদিন মামলা রায় অপেক্ষমাণ রাখার পর আগামীকাল মঙ্গলবার রায় হতে যাচ্ছে এতে রাষ্ট্রপক্ষের এজন আইনজীবী হিসেবে দেশবাসীর মত আমিও খুশি। ব্হুল প্রত্যাশিত এ রায়ের জন্য সকলের অপেক্ষা ছিল। আমি শ্রম ও মেধা দিয়ে এই মামলার জন্য লড়েছি। মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে আমরা ১৫টি অভিযোগের ওপর অভিযোগ ভিত্তিক যুক্তিতর্ক উপস্থাপন করেছি। ৫নং অভিযোগে আমরা কোনো সাক্ষ্য-প্রমাণ দেইনি। বাকি ১৫টি অভিযোগ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে পেরেছি। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছি।

মোহাম্মদ আলী আরো জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মোট ১৬ অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ৫টি অভিযোগে গণহত্যা, ৪টি বিভিন্ন অপরাধ সংঘটনে উস্কানি ও বাকিগুলো অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। ১৬টি অভিযোগের মধ্যে ৫নং অভিযোগে প্রসিকিউশন কোনো সাক্ষ্য-প্রমাণ দেননি।

তিনি বলেন, কোনো একটি অভিযোগও যদি প্রমাণিত হয়, তাহলে ট্রাইব্যুনাল আইনের ২০ (২) ধারা অনুসারে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিতে পারবেন। আমার আশা করি, বিভিন্ন অভিযোগ প্রমাণের ভিত্তিতে নিজামীকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিবে।

এদিকে, নিজামীর আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম টাইমনিউজবিডিকে জানান, প্রসিকিউশন নিজামীর বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ করতে পারেননি। নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগের পক্ষে প্রসিকিউশন কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

রাষ্ট্রপক্ষের সাক্ষীরা মিথ্যা এবং শেখানো সাক্ষ্য দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যাদের সাক্ষী করা হয়েছে তাদের সামাজিক ভাবে কোন গ্রহণ যোগ্যতা নাই।তাদের অনেকে চোর,দালাল ও বাটপার।

নিজামীর বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হয়েছেন দাবি করে তিনি জানান, আমরা আশা করি নিজামী সকল অভিযোগ থেকে খালাস পেয়ে ন্যায়বিচার পাবেন।

ঢাকা, কেএ ২৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এএইচ