রাজধানীর পল্লবীর বিহারিদের মিল্লাত ক্যাম্পে কাঁচির আঘাতে ওয়াহিদ (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফিরোজ নামে অপর এক যুবকের কাঁচির আঘাতে ওয়াহিদ আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। ওয়াহিদের বাবার নাম গুলদান। তারা মিরপুর ১১ নম্বরের বিহারিদের মিল্লাত ক্যাম্পে বসবাস করেন।

ওয়াহিদের বড় ভাই পরিচয় দেওয়া জসিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জানান, পূর্বপরিচিত ফিরোজ নামে এক যুবকের সঙ্গে ওয়াহিদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফিরোজ পাশের সেলুন থেকে কাঁচি এনে ওয়াহিদের বুকে বসিয়ে দেয়। আহত অবস্থায় ওয়াহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার জানার চেষ্টা করছি। তবে এখনও কাউকে আটক করা যায়নি।

ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএ