কক্সবাজার শহরের বহুল আলোচিত রকি বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে ঘটনা ঘটেছে। এ বন্দুক যুদ্ধে ওই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড দেলোয়ার হোসেন দিলু (৩২) গুলিবিদ্ধ হয়েছে। এসময় ২ পুলিশ সদস্যও আহত হন।

শনিবার ভোর ৪টার দিকে কক্সবাজারের কলাতলী বাইপাস এলাকার উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দেশিয় তৈরি এলজি বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হওয়া দেলোয়ার হোসেন দিলু কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার আবুল মাঝির ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণসহ নানা অভিযোগে ১২টির বেশি মামলা রয়েছে।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, শুক্রবার রাত আনুমানিক ১০টায় কক্সবাজার শহরের বহুল আলোচিত রকি বাহিনীর আস্তানা পাহাড়তলী এলাকার একটি পাহাড়ে অভিযান চালিয়ে আটক করা হয় ওই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড দেলোয়ার হোসেন দিলুকে।

দিলুর দেয়া তথ্য মতে অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ কলাতলী বাইপাস এলাকার উত্তরণ আবাসিক এলাকায় যান। সেখানে পৌঁছালে আগে থেকে অবস্থান করা দিলুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন দিলু ও পুলিশের ২ সদস্য।

এক পর্যায়ে সন্ত্রাসীরা পিঁছু হঠলে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দেশিয় তৈরি একটি এলজি বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ।

তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আর দিলুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর