ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভুল্লীতে কান্তি পরিবহনের কাউন্টারে চার আলুর বস্তার ভিতরে মানুষের কঙ্কাল, হাড় উদ্ধারের ঘটনার রহস্য এখনও উদঘাটন করা সম্ভব হয়নি।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ ৪টি আলুর বস্তা হতে মানুষের দেহের হাড়গোড় উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার এসআই আহমেদ জানান, জব্দকৃত মাথার খুলি ও হাড় কবর থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ভূল্লী বাজারে কান্তি পরিবহনে ঠাকুরগাঁও শহরের তেলী পাড়া এলাকার মুকুল হোসেন নামে এক ব্যক্তি ওই ৪টি বস্তাকে আলুর বস্তা বলে বুকিং করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচিছলেন।

তবে যাত্রীবাহী ওই গাড়িটি রংপুর কাউন্টারে পৌঁছলে বস্তা দেখে কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে সেটি ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়ের উদ্দেশ্যে একই পরিবহনের আরেকটি গাড়ীতে ওই বস্তাগুলো ফেরত পাঠায় কোচ কাউন্টার।

শনিবার রাতে ঠাকুরগাঁও ভুল্লি কাউন্টারে বস্তা নামিয়ে খুলে দেখে মানুষের মাথার খুলিসহ বিপুল পরিমাণ হাড়। পরে পুলিশে খবর দিলে তা স্থানীয় থানায় আনা হয়।

ঠাকুরগাঁও থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

 

এএস