মেঘনা নদী দখল করে মাটি ভরাটের মাধ্যমে জেটি নির্মানের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে এ বিষয়ে অধিকতর শুনানির জন্য আগামী ৩ এপ্রিল ধার্য করেন আদালত।
আদালতে আশুগঞ্জ পাওয়ারের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান। অপরদিকে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
গত ১৩ ফেব্রুয়ারি এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ নদী দখল করে মাটি ভরাটের মাধ্যমে জেটি নির্মানের সামগ্রী অপসারণের নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড আপিল আবেদন করেন। এরপর চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
চেম্বারের আদেশ বাতিলে হাইকোর্টের আদেশ বহাল রাখার আবেদন করলে চেম্বার জজ শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
আপিল বিভাগ আজ শুনানি শেষে জেটি নির্মানের ওপর স্থিতাবস্থা জারি করেন।
[b]ঢাকা, জিই ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]