নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর জামিন বিষয়ে হাইকোর্টের দেয়া রায় দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সময়ের মধ্যে তাঁকে লিভ টু আপিল করতে বলা হয়েছে।
রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শওকতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস ও আইনজীবী নুরুল ইসলাম সুজন।
গেলো ২২ অক্টোবর হাইকোর্ট ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকে জমা না দিলে এমপি শওকতের জামিন বাতিল হবে বলে রায় দিয়েছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ ও ১০ মে শওকত চৌধুরীসহ ওই ব্যাংকের ৯ জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগে বলা হয়, বাংলাদেশ কমার্স ব্যাংকের বংশাল শাখা থেকে ২০১৬ সালের ৮ মে ৮২ লাখ ৮৯ হাজার ৮১৫ এবং ১০ মে ৯৩ কোটি ৩৬ লাখ ২০ হাজার ২১৩ টাকা ঋণ জালিয়াতি করেছেন।
২০১২-এর ডিসেম্বর থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত ৩৭টি এলসি খুলে মেসার্স যমুনা এগ্রো কেমিক্যাল, মেসার্স এগ্রো কেমিক্যাল লিমিটেড ও উদয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে তিনি এ ঋণ জালিয়াতি করেন।
জেড





