রাজধানীর নিউ ইস্কাটনে গভীর রাতে এলোপাতাড়ি গুলি করে দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এমপির ছেলে বখতিয়ার আলম রনিকে ফের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম আমিনুল হক মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দিপক কুমার দাস রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালতে রনিকে হাজির করে রিমান্ড আবেদন করেন।
ওই দিনই রিমান্ড আবেদনের ওপর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়। মামলার প্রয়োজনীয় কাগজপত্রসহ (সিডি) পরবর্তী শুনানির জন্য ৩০ জুন দিন ধার্য করেন আদালত।
২৪ জুন ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান রনির বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১ জুন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বখতিয়ার আলম রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে। তার বাবা মৃত শামছুজ্জামান।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
২৪ মে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)। তদন্তভার পাওয়ার পর ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ।
জেআই





