ফেনীর লালপুর এলাকা থেকে প্রায় ৭ লাখ পিস ইয়াবাসহ আটক পুলিশের এএসআই মাহফুজের তিন দিনের ও তার গাড়ি চালক জাবেদের (২৯) কে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুর ২টার দিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর ফারুকী এ রিমান্ড মঞ্জুর করেন।
ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক তারিক খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আদালতে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত মাহফুজকে ৩ দিন ও তার গাড়ি চালককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহিনুজ্জামান জানান, এএসআই মাহফুজসহ ইয়াবা পাচারের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তদন্ত করে তাদের চিহ্নিত করা হবে।
এছাড়া আরও যে পুলিশ কর্মকর্তাদের জড়িত থাকার কথা র্যাব বলেছে, তাদের ব্যাপারেও খতিয়ে দেখা হবে।
এর আগে ছয় লাখ ৮০ হাজার ইয়াবাসহ পুলিশের বিশেষ শাখার এএসআই পদবীর ওই কর্মকর্তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৭) এর সদস্যরা। এসময় তার গাড়ি চালককেও আটক করা হয়।
এমআর





