রাজধানীর একটি সংঘবদ্ধ মোটরসাইকেল ছিনতাইকারীর মূল হোতাসহ চোরাই করা ২২৫টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

গত ৬ জুলাই রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকার ইউসিবি ব্যাংকের সামনে থেকে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল ছিনতাইকারী দলকে সনাক্ত সনাক্ত করে পুলিশ।

এ ঘটনায় মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) সালাহউদ্দিন ও এসআই রাসেলের একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে ছিনতাইকারী ছাদেক আকবরকে হাতে-নাতে আটক করে ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। তবে তার সাথে থাকা অপর দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ছাদেক আকবরের দেয়া তথ্য মতে দেশের বিভিন্ন স্থান থেকে ২২৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপরে মিরপুর মডেল থানা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, মিরপুর জোনের ডিসি ইমতিয়াজ আহমেদ পিপিএম।

তিনি জানান, ধৃত ছিনতাইকারী ছাদেক আকবরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে আন্ত:জেলা ছিনতাইকারী চক্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়া, মানিকগঞ্জ, ফরিদপুর ও যশোরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মূল সংগঠক ও ছিনতাইকারী চক্রের মূল হোতা আশিকুর রহমানকে(৩০) আটক করে পুলিশ।

তার দেয়া তথ্যানুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে জড়িত আরো ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

এরা হলেন, মোস্তাফিজ(৩৮), ফজলুল করিম(২১), সরফা দালাল(৪০), মারুফ বিল্লাহ(২০), মনিরা পারভীন(২২), মীর আরিফুজ্জামান ভানু(৪০), নূর মোহাম্মদ ছোটন(২৭), শাহজাহান শেখ(২০), তরিকুল ইসলাম(৩২), হারুনুর রশিদ(২৮), মকবুল হোসেন(৪৫), ওয়াহিদুজ্জামান বাপ্পি(৪২) ও আনোয়ার হোসেন। চোরাই যাওয়া ২২৫টি মোটরসাইকেল ছাড়াও সহস্রাধিক গাড়ির মূল ও ডুপ্লিকেট কাগজপত্র, খোলা যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ।

আন্ত:জেলা সংঘবদ্ধ মোটরসাইকেল ছিনতাই ও চোরদলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, জেইউ, ০৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এসএইচ