দুর্নীতি দমন কমিশনের (দুদক) গ্রেপ্তার অভিযান চলছে। আজ মঙ্গলবারও ঢাকাসহ সারা দেশে ব্যাংক কর্মকর্তাসহ দুর্নীতি মামলার নয় আসামিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।
গ্রেপ্তারদের মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা রয়েছেন।
সকাল থেকে বিকেল পর্যন্ত দুদকের টানা অভিযানে ঠাকুরগাঁও, নবাবগঞ্জ, দোহার, যশোর, চট্টগ্রাম ও চাপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঠাকুরগাঁওয়ের ভোমরাদহ শাখার কর্মকর্তা আরাফাত জামান, ওই শাখার প্রাক্তন গার্ড মো. শাহজাহান আলী, রূপালী ব্যাংকের নবাবগঞ্জের শিকারীপাড়া শাখার ম্যানেজার ফরিদ আহমদ, একই শাখার প্রাক্তন সিনিয়র অফিসার আব্দুস সালাম, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিডেটের দোহারের জয়পাড়া শাখার ম্যানেজার মিজানুর রহমান, যশোরের নওয়াপাড়ার সার ব্যবসায়ী শাহজাহান আলী মোল্যা, চট্টগ্রামের আগ্রাবাদের ব্যবসায়ী আব্দুল আউয়াল, আবুল হাশেম ও চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জনৈক মো. নাসিবুল হুদা।
গ্রেপ্তারদের সবাই অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতি মামলার আসামি।
ওএফ





