ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় ডিএনএ টেস্টে গ্রেফতার মজনুর সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (২৫ জানুয়ারি) সিআইডির উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম এই তথ্য জানিয়ে বলেন, “মজনুর ডিএনএ ও বিভিন্ন আলামত সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়।”
শেখ নাজমুল আরো বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রীর ব্যবহৃত জিনিসপত্র থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। ওই নমুনার সঙ্গে গ্রেফতার মজনুর ডিএনএ নমুনা মিলিয়ে দেখা হয়। সব প্রক্রিয়া অনুসরণ করে মজনুর সম্পৃক্ততা পাওয়া যায়।”
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাস স্টেশনে নামার পর অজ্ঞাত ব্যক্তি মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় ৮ জানুয়ারি মজনু নামে এক জনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরপরে তাঁকে রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে মজনু ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে মজনু কারাগারে রয়েছে।
এমবি





