গত ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।
যে তিন কারণে রিমান্ড চেয়েছে সিআইডি
সিআইডির আবেদনে বলা হয়েছে, সালমান শাহর মৃত্যু নিয়ে করা মামলাটি একটি আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলা। দীর্ঘদিন ধরে সালমানের পরিবার ও তাঁর ভক্তরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছেন। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে ডনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছে তদন্ত সংস্থা।
দ্বিতীয়ত, ডনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডে অন্য কোনো ব্যক্তি বা সহযোগী জড়িত ছিলেন কি না, তাঁদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
তৃতীয়ত, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকার পরও ডন কীভাবে এবং কার সহায়তায় বিদেশে পালিয়ে গিয়েছিলেন, সে বিষয়ে তথ্য জানার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সিআইডি। এসব বিষয় নিয়ে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে মামলার প্রকৃত রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে তদন্ত কর্মকর্তার দাবি।
বিমানবন্দর থেকে গ্রেপ্তার
এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। আদালতে হাজির করার পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সিআইডি এখন তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে।
দীর্ঘদিনের আলোচিত মামলা
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তাঁর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। পরে ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্তের দাবি ওঠে।
১৯৯৭ সালে সিআইডি তদন্ত করে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। তবে ওই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে সালমানের পরিবার আদালতে আবেদন করে।
পরবর্তীতে বিচার বিভাগীয় তদন্তেও তাঁর মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়। এরপরও সালমান শাহর পরিবার হত্যার অভিযোগে আইনি লড়াই চালিয়ে যায়।
পর্যায়ক্রমে মামলাটি পিবিআইও তদন্ত করে। ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে ২০২২ সালের ১২ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা করা হয়।
সালমান শাহ হত্যা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মধ্যে নতুন করে আশরাফুল হক ডনের গ্রেপ্তার ও রিমান্ড আবেদনে মামলাটি আবারও আলোচনায় এসেছে।
এনএইচ