সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আইনজীবীদের গায়ে হাত দিবেন না। হাত দিলে সাধারণ জনগণ ও আইনজীবীরা আপনাদের বিরেুদ্ধে বারুদের মতো জ্বলে উঠবে।
বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনের নিচে আইনজীবী সমিতি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মানব বন্ধনে নারায়ণগঞ্জ জেলা বারের সদস্য অ্যাডভোকেট চন্দন কুমার সরকারের গুমের ঘটনায় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
খন্দকার মাহবুব বলেন,সারা দেশে আজ ভয়াবহভাবে মানুষ গুম ও খুন হচ্ছে। সাধারণ ও রাজনৈতিক নেতা-কর্মীদের পাশাপাশি আইনজীবীদের পরিকল্পিতভাবে গুম ও খুন করা হচ্ছে। কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আবার কোথাও সরকারের নিজস্ব লোকের দ্বারা গুম ও খুন করা হচ্ছে।
মানববন্ধনে অংশ নিয়ে আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বলেন, গুম ও খুনের দায় সরকারকেই নিতে হবে,না হলে ভয়াবহ পরিণতি হবে।
কর্মসূচিতে বক্তারা সাবেক কোনো প্রধান বিচারপতির নেতৃত্বে দেশের গুম ও খুনের তদন্তে একটি কমিটি করার আহ্বান জানান।
একইসঙ্গে চন্দন কুমার সরকারের উদ্ধার দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী নামের একটি সংগঠনও মানবব্ন্ধন কর্মসূচি পালন করে।
অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার রাজার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সুপ্রিমকোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সাবেক সম্পাদক গোলাম মো. আলাল, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ইরিনা খান এবং অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ।
[b]ঢাকা: কেএ, ৩০ এপ্রিল (টাইম নিউজ বিডি)//এনএস[/b]