জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার শেষ দিনে জালিয়াতির অভিযোগে ৪ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। এটিই ছিল এই শিক্ষাবর্ষের শেষ পরীক্ষা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রথম শিফটে ভর্তি পরীক্ষা চলাকালে আটককৃত সিরাজুল আশেকিন সাজুক তার বন্ধু শাহিনুর রহমানকে ভর্তি পরীক্ষায় সহযোগিতা করার জন্য ব্যবসায় অনুষদে পড়া নির্ধারিত আসনে না বসে সমাজ বিজ্ঞান অনুষদের ৩৮২নং কক্ষে দু’জন পাশাপাশি বসেন। পরবর্তীতে ভর্তি পরীক্ষা চলাকালে দেখাদেখি করার সময় কর্তব্যরত শিক্ষক তাদের আটক করেন।

তরা ২ জনই মাগুরা সদর কলেজের ছাত্র। সাজুকের বাবা মাগুরা জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা। তিনি জাতীয় পার্টির হয়ে একাধিকবার সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন বলে জানান সাজুক।

পরে তাদের ভর্তি পরীক্ষার উত্তরপত্র বাতিল করে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।

এর আগে গত শিক্ষাবর্ষে সাজুক খেলোয়াড় কোটায় অনৈতিকভাবে ভর্তির চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। চলতি শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। তার মেধা তালিকা হল ৪২৬।

এছাড়া একই অভিযোগে তৃতীয় শিফটের পরীক্ষা সময় প্রাণীবিদ্যা বিভাগে ফরহাদ হোসেন(রোল নং-৩২২০৪১) ও তার বন্ধু ফিরোজ আজমকে(রোল নং-৩২২০৫৭) আটক করা হয়।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের সমাপনী দিনে কলা ও মানবিক অনুষদের (‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষায় পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ উপাচার্যের সঙ্গে ছিলেন।

এবার ১৯৫৫টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৬ হাজার ৩২৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ