ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর(সাকা) রায় ফাসে জড়িত তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে যত দ্রুত সম্ভব বিচারিক আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তা নিষ্পত্তি করে এ রায় দেন।

আদালতে ব্যারিস্টার ফখরুলের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী ও মাসুদ রানা। অপরদিকে জামিনের বিরোধীতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আবেদনের শুনানিতে খন্দকার মাহবুব হোসেন আদালতকে বলেন, ‘এই মামলায় আরো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কেউ ব্যারিস্টার ফখরুলের নাম উল্লেখ করেনি। সুতরাং তাকে জামিন দেয়া হোক।’

ফখরুলের আইনজীবী মাসুদ রানা সাংবাদিকদেরকে বলেন, ‘এপ্রিল মাসে আমরা এ আবেদন করি। আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ২২ এপ্রিল জামিন না দিয়ে রুল জারি করেন আদালত করেন। আজ বৃহস্পতিবার সে রুলের চূড়ান্ত শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পুলিশকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।’

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাকা চৌধুরীর রায়ের খসড়া ফাঁস করার অভিযোগে বর্তমানে কারাগারে আটক আছেন ব্যারিস্টার ফখরুল।

ঢাকা,কেএ ৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এসএইচ