মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার জাতীয় পার্টির নেতা ও প্রাক্তন সংসদ সদস্য যশোরের মাওলানা সাখাওয়াত হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জিহাদ আল মালুম।
এর আগে সাখাওয়াত হোসেনকে রোববার সকাল পৌনে ১১টায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে সাখাওয়াতকে ট্রাইব্যুনালে আনা হয়।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাখাওয়াতকে রাজধানীর উত্তরখানথেকে গ্রেফতার করে উত্তরখান থানার পুলিশ। উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় উত্তরার মাস্টারবাড়ী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, যশোর-৬ আসন থেকে সাখাওয়াত হোসেন ১৯৯১ সালে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে বিএনপি ও সর্বশেষ জাতীয় পার্টিতে যোগ দেন তিনি। বর্তমানে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।
ইআর





