বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি ফের পিছিয়ে আগামী ৩১ মে ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির না করায় তাদের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন। আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া নতুন এ দিন ধার্য করে আদেশ দেন।
এ মামলার আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গয়েশ্বর চন্দ্র রায় বর্তমানে কারাগারে আছেন। এ মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৬ জন।
জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার এসআই মেহেদী মাকসুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আমিনুল ইসলাম ২০১৩ সালের ২৬ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
এএইচ





