সদ্য পাস হওয়া ‘ডিজিটাল নিরাপত্তা আইন’র ৯টি ধারা সংশোধন চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আগামী ৩০ দিনের মধ্যে ধারাগুলো সংশোধনের উদ্যোগ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আইনি নোটিশে জানানো হয়।

আজ (১৬ অক্টোবর) মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান। তথ্যমন্ত্রী, আইনমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তথ্য সচিব, আইন সচিবদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি তথ্য প্রযুক্তি আইনের আলোচিত কয়েকটি ধারা বিলুপ্ত করে ডিজিটাল নিরাপত্তার আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩১, ৪৩ ও ৫৩ ধারাগুলো গণমাধ্যমের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা সুরক্ষা অন্তরায় বলে সাংবাদিক নেতারা বিভিন্ন সমাবেশ, মানববন্ধন ও সেমিনারে দাবি করেছেন।

আরও পড়ুন: ‘স্বাধীন গণমাধ্যমকেই কণ্ঠরোধ করার ডিজিটাল আইন’(ভিডিও) 

এসব সভা-সমাবেশ থেকে এই ধারাগুলো বাতিল ও সংশোধনের প্রস্তাব দাবি করেছেন সাংবাদিকরা। একই সঙ্গে এই ধারাগুলো সংবাদকর্মীদের স্বাধীনভাবে সংবাদ পরিবেশনে এবং প্রকাশে অন্তরায় হবে বলেও বিশিষ্ট সম্পাদকেরা অভিমত প্রকাশ করেছেন। 

এই অবস্থায় আগামী ৩০ দিনের মধ্যে এই ধারাগুলো বাতিল করে সংশোধন না করলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও আইনজীবী জুলফিকার আলী জুনু জানান। 

এমবি