রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে স্যুয়ারেজ লাইনের ভেতর পড়ে ছয় বছরের শিশু নীরবের মৃত্যুর মামলায় শ্যামপুর শিল্প মালিক সমিতির স্টাফ শাহরিয়ার আহমেদ শুকুর মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার এই রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে ১৩ ডিসেম্বর দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় তাচ্ছিল্যপূর্ণ কাজের মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যুর অভিযোগে শাহরিয়ার আহমেদ শুকুর মিয়াসহ (৪৮) অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শ্যামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইফুল ইসলাম এই মামলা দায়ের করেন।
মঙ্গলবার ওই থানার পরিদর্শক মো. আরশেদুল হক ৭ দিনের রিমান্ড আবেদনসহ শুকুরকে আদালতে হাজির করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, শ্যামপুর শিল্প মালিক সমিতির স্টাফ শাহরিয়ার আহমেদ শুকুর মিয়াসহ অন্যরা ম্যানহোল এবং স্যুয়ারেজ লাইনের দায়িত্বে ছিলেন। তাদের অবহেলার কারণেই নীরবের মৃত্যু হয়।
গত ৮ ডিসেম্বর বিকেলের দিকে রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে স্যুয়ারেজ লাইনের ভেতর পড়ে যায় শিশু নীরব। ৪ ঘণ্টা পর রাত ৮টা ২০ নিমিটের দিকে ঘটনাস্থলে থেকে এক কিলোমিটার দূরে শ্যামপুর লঞ্চ ঘাট এলাকায় মৃত অবস্থায় নীরবকে উদ্ধার করা হয়।
এমএইচ





