গাজীপুরের টঙ্গী এলাকায় ডাকাতি করতে গিয়ে ছুরিকাঘাতে এক র‌্যাব সদস্যের স্ত্রীকে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আবুল বাশার হাওলাদার (৩২), মো. হারুন ঘরামি (৪৫), সোনামিয়া মৃধা (৪২), রাজিব মোল্লা (২৪), মোহাম্মদ আবদুল হাই (৪০), রাশেদ চৌধুরী (৪৪) ও মো. জাকির হোসেন (২৭)।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান র‌্যাব-৪ এর মিরপুর কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জানান, “৮ নভেম্বর গ্রেফতারকৃতরা গাজীপুরে ওই র‌্যাব সদস্যের বাসায় ডাকাতি করতে যায়। এসময় র‌্যাব ৪ এ কর্মরত ওমর আলী’র স্ত্রী সালমা সুলতানা সাথী তাদের বাঁধা দিলে ডাকাতরা তাকে ছুরি মেরে হত্যা করে পালিয়ে যায়।

"গ্রেফতারকৃতদের মধ্যে চারজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত, বাকি তিনজন তাদের সহযোগীতা করেছিলেন বলে জানান তিনি।"

তিনি বলেন, সাথী টঙ্গী থানা এলাকার বড় দেওড়া আদর্শপাড়া খাপাড়ায় থাকতেন। এক মাস আগে গ্রেফতারকৃতরা ওই বাসায় ডাকাতির পরিকল্পনা করে।

তিনি বলেন, “র‌্যাব সদস্য হত্যার পরই র‌্যাবের গোয়েন্দারা টঙ্গীর সেই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়াতে থাকে। একটি গার্মেন্টস কারখানার ভিডিও ফুটেজ পেয়ে প্রথমে অপরাধীদের সনাক্ত করা হয়। এরপর প্রযুক্তি ব্যবহার করে তথ্য উপাত্ত যাচাই বাছাই করে তাদের গ্রেফতার করা হয়েছে।” গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৪ এর অধিনায়ক শাহাবউদ্দিন খান, উপ অধিনায়ক মাসুদুর রহমান, র‌্যাব সদর দপ্তরের সহকারি পরিচালক মাকসুদুল আলম, র‌্যাব-৪ এর অপারেশন অফিসার বদরুল আলম প্রমুখ।

জেইউ, জেএ