নিহত বাবা-ছেলে হলেন তপন চন্দ্র দাস (৫০) ও লিখন চন্দ্র দাস (২০)। তাঁদের বাড়ি শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তাঁরা গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় বাবা ও ছেলে গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক লিখনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, শ্রীপুর রেলগেট এলাকায় মুরগির খাবারবাহী নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির একটি গাড়ির চাপায় সিদ্দিকুর রহমান সিদ্দিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের হাছেন আলীর ছেলে এবং শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্দিকুর রহমান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মুরগির খাবারবাহী গাড়িটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এস