ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মজুমদারের বাড়ির ৪তলা থেকে সিনথিয়া (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে রাজধানীর কদমতলীর জোড়াখাম্বা এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
মৃত ওই নারীর গলায় ও গালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। ওই নারীর স্বামীর নাম তুহিন ভূঁইয়া। তাদের ১১ বছরের সংসারে কোনো সন্তান নেই।
কদমতলী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, ওই কাউন্সিলরের বাড়ির ৪তলায় তারা ভাড়া থাকতেন। কাউন্সিলর থাকেন দ্বিতীয় তলায়।
ওসি বলেন, আমরা রাতে ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনের আগে সিআইডি ক্রাইমসিনে এসে আলামত সংগ্রহ করে। মৃত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।
ওই নারীর মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। তবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমবি





