ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে আবদুল করিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত করিম একজন মাদক ব্যবসায়ী ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মোকামিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দার মোকামিকান্দা গ্রামে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছালে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

তাদের গুলিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে শর্টগানের ফাঁকা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী আবদুল করিমকে আহত অবস্থায় পাওয়া যায়। তাঁর কাছ থেকে একটি পাইপগান, একটি গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, করিমের বিরুদ্ধে তারাকান্দা থানায় মাদকের ১৩টিসহ ১৫টি মামলা রয়েছে।

এমআর