দশম সংসদের মেয়াদ শেষ হবার আগেই একাদশ সংসদের এমপিদের শপথ গ্রহণ অসাংবিধানিক ও বে-আইনি দাবি করে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

আজ (০৮ জানুয়ারি) মঙ্গলবার সুপ্রিমকোর্টের আইনজীবি অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রেজিস্ট্রি ডাক যোগে এই নোটিশ পাঠিয়েছেন।

জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রী পরিষদের সচিবের প্রতি দেয়া এই নোটিশে আগামী ১৩ জানুয়ারী সকাল সাড়ে ৯টার মধ্যে এমপিদের শপথ বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়।  

নোটিশে বলা হয়, ২৮ জানুয়ারি দশম জাতীয় সংসদের ৫ বছর পূর্ণ হবে। মেয়াদ পূর্ণ হবার আগেই গত ৩ জানুয়ারি নতুন এমপিরা শপথ নিয়েছেন। যা আইনের চোখে অচল ও বে-আইনী।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয়লাভ করে। আর জাতীয় ঐক্যফ্রন্ট ৭ আসনে জয়ী হয়।

আওয়ামী লীগ ২৫৭টি, জাতীয় পার্টি ২২টি, বিএনপি পেয়েছে ৫টি আসন। বাংলাদেশের ওয়ার্কার্স পাটি (বাসদ) ৩ টি আসন, গণফোরাম ২টি (এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং গণফোরামের নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে মোকাব্বির খান নির্বাচিত হন), বিকল্প ধারা বাংলাদেশ ২টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ১ টি, জাতীয় পার্টি (জেপি) ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩ টি আসনে জয়ী হন।

এমবি