আট ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে অপহৃত শিশু সিফাতকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে উদ্ধার করেছে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকার বাসার সামনে থেকে অপহৃত হয় রঙমিস্ত্রী ফিরোজ হওলাদারের ছোট ছেলে সিফাত।
তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না সিফাতের। পরে রাতে তাকে উদ্ধার করে বাবা-মায়ের হাতে তুলে দেয় পুলিশ।
জানা গেছে, বুধবার দুপুর সোয়া একটার দিকে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে সিফাতের বাবার মোবাইলে ফোন করে জানানো হয়, সিফাতকে অপহরণ করা হয়েছে। ৫০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে তিনি তার ছেলেকে ফিরে পেতে পারেন।
পুলিশকে জানালে বা কোনোরকম চালাকি করলে ছেলের লাশের খোঁজও পাবেন না। পরে পুরো বিষয়টি হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশীদকে মোবাইলে জানান সিফাতের বাবা।
তবে অপহরণকারীদের হুমকিতে ভয় পেয়ে সিফাতের বাবাকে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বাধা দিচ্ছিলেন সিফাতের মা।
পরে দুই বছর আগে তোলা সিফাতের একটি সাদাকালো ছবি নিয়ে সিফাতকে উদ্ধারে নামে পুলিশ। পাশাপাশি পুলিশের নির্দেশনা মোতাবেক অপহরণকারীদের সঙ্গে মুক্তিপণের ব্যাপারে যোগাযোগ করে যাচ্ছিলেন সিফাতের বাবা।
তার সূত্র ধরেই বুধবার রাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের একটি টং ঘরের দেয়াল ঘেঁষে ঘুমন্ত অবস্থায় সিফাতকে উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের পর সিফাত জানায়, সে বাসার বাইরে খেলার সময় মিলন নামের একজন চকোলেট কিনে দেয়ার জন্য তাকে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যান।
সিফাতের বাবা জানান, মিলন কয়েক মাস ধরে তার সহকারী হিসেবে কাজ করছিলেন। তিনি প্রায়ই বাসায় আসতেন। যে কারণে তাকে মামা ডাকতো সিফাত।
এ ব্যাপারে বৃহস্পতিবার হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশীদ জানান, মিলন একজন খারাপ চরিত্রের লোক। তার ব্যাপারে আমরা আরও তথ্য পেয়েছি। শিশুটিকে উদ্ধারের সময় সে পুলিশের অভিযানের খবর জানতে পেরে পালিয়ে যায়। শিগগিরই অপহরণকারীকে গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান ওসি।





