রাজধানীর মধ্যবাড্ডায় ট্রিপল মার্ডারের ঘটনায় আটক ফারুক মিলন ও নূর মোহাম্মদকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ফারুক ও নূর মোহাম্মদকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
রোববার রাতে ভাটারা ও বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যার ‘পরিকল্পনাকারী’ ফারুক মিলন ও ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া নূর মোহাম্মদকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় বসে আলোচনার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুবুর রহমান গামা এবং তার সঙ্গে থাকা ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লা ও স্থানীয় ক্লিনিকের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক। হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরদিন গামাও মারা যান।
এ ঘটনায় শনিবার রাত ১২টার দিকে গামার বাবা মো. মতিউর রহমান বাদী হয়ে ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা করেন।
কেএইচ





