দুর্নীতি দমন কমিশন-দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি আগামী ২১শে এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

আজ দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ তার আবেদনের শুনানির এ তারিখ ধার্য করেন।

এর আগে গতকাল দুই মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদনে বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী দুটি মামলাতে তার তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, কনিষ্ঠ বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর জামিন আবেদন নাকচ করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

আইন অনুযায়ী, এখন এ রায় প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি হাইকোর্টের তৃতীয় একজন বিচারপতির কাছে বিষয়টি পাঠাবেন নিষ্পত্তি করার জন্য।

তৃতীয় বিচারপতির আদেশই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। তৃতীয় বেঞ্চে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ দুটি মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এসএইচ