প্রায় ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপকসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযুক্তরা হলেন- রূপালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক (বর্তমানে চাকরিচ্যুত) কবির আহম্মদ, একই শাখার সাবেক এসপিও আসরাফুজ্জামান, মেসার্স নুরজাহান গার্মেন্টসের মালিক মো. নজরুল ইসলাম, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাজী কালাচান ভূইয়া, নূরজাহান বেগম, সৈয়দ মো. রেজ্জাকুল হায়দার ও মো. ইফতেখার আলম ফরিদ।

এছাড়া রূপালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার সাবেক অফিসার এ কে এম হুমায়ুন কবিরের বিরুদ্ধে তদন্তে কোনো তথ্য-প্রমাণ না পাওয়ায় তাকে এ মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে ৬৮ লাখ ৮৫ হাজার ৮৯১ টাকা আত্মসাৎ করেছেন। এ কারণে মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন। নিডুল লিডার প্রতিষ্ঠানের নামে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে অভিযুক্তরা এ অর্থ আত্মসাৎ করেন।

তাদের বিরুদ্ধে ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়েছে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর মতিঝিল থানায় মামলাটি (মামলা নং-৮৫) দায়ের করা হয়। দুদকের উপ-পরিচালক রাম মোহন নাথ অভিযোগের তদন্ত করেন।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম. জেএ