ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে থাকা একটি ট্রাকে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই ট্রাকের হেলপার মো. খোকন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার রাতে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অক্সিজেন সিলিন্ডার আনলোড করে ট্রাকটি নারায়ণগঞ্জে ফিরছিল। মহাসড়কে যানজট থাকায় রাত ৩টার দিকে গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় ট্রাকটি পৌছলে দুই ছিনতাইকারীর কবলে পড়ে ট্রাক চালক ও হেলপার।
চালক তোফাজ্জল হোসেন বলেন, এক পর্যায়ে আমি কৌশলে ট্রাক থেকে বেরিয়ে চিৎকার করতে থাকি। তখন আমার হেলপার খোকন ট্রাকে ছিল। পরে ছিনতাইকারীরা চলে যাবার পর আমি ট্রাকের সামনে গিয়ে দেখি খোকন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
তার শরীরে বেশ কয়েক জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তাকে দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি হারুন-অর-রশিদ জানান, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএ





