ধর্ষণ মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়ে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে নায়িকা হ্যাপির নারাজি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিনা ইসলামের আদালতে বুধবার দুপুরে মামলার নারাজির আবেদনের ওপর শুনানি হয়। দুপুর ২টায় আদালত এ সংক্রান্ত আদেশ দেবেন বলে জানা গেছে।
এর আগে গত ১৭ মে আদালতে রুবেল হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। তা ছাড়া আদালতে স্বশরীরে হাজির হয়ে এ মামলার তদন্ত প্রতিবেদনের ওপর নারাজির এ আবেদন করেন হ্যাপি। সঠিকভাবে তদন্ত না হওয়ায় তিনি এ নারাজি দেন। এদিকে এ মামলা থেকে অব্যাহতিও চেয়েছেন রুবেল। আদালত উভয় পক্ষের আবেদন ওপর শুনানি শেষে পরবর্তী এ দিন ধার্য করেন।
চিত্রনায়িকা হ্যাপির আইনজীবী তুহিন হাওলাদার জানান, হ্যাপি ট্রাইব্যুনালে হাজির হয়ে নারাজির আবেদন দাখিল করেছেন। মামলার তদন্ত সঠিকভাবে না হওয়ায় হ্যাপি এ নারাজি দাখিল করেন। মামলার তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন, মামলার বাদী সাক্ষ্য-প্রমাণ হাজির করতে পারেননি। নারাজি আবেদনে ছয়জন সাক্ষীর একটি তালিকাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে ১৯ এপ্রিল বিচারক এ দিন ধার্য করেন এবং শুনানির দিন বাদী ও আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গত ১৩ এপ্রিল ঢাকা মহানগর হাকিম (এমএম) আতাউল হক চূড়ান্ত অভিযোগপত্রটি স্বাক্ষর করে পরবর্তী পদক্ষেপের জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহার (সিএমএম) আদালতে পাঠালে বিচারক মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এ স্থানান্তর করেন।
২০১৪ সালের ১৩ ডিসেম্বর নাজনীন আক্তার হ্যাপি মিরপুর মডেল থানায় ধর্ষণের অভিযোগ এনে ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে সেটি মামলায় রূপান্তর করা হয়।
এএইচ





