ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ঘুরতে আসা দুই ভাগ্নী ও মামার ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মীদের চিহ্নিত করা হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চিহ্নিত।
এ ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিকে ৭দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
চিহ্নিত হামলাকারীরা হলো- উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফারুক হোসেন, পদার্থবিদ্যা বিভাগের মাসুম, পরিসংখ্যানের জিসান এবং গণিত বিভাগের জহিরুল ইসলাম।
এরা সবাই প্রথমবর্ষের ছাত্র। শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের অনুসারী।
হামলাকারীদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ।
তিনি বলেন, ‘হল ছাত্রলীগ নেতাদের মাধ্যমে চারজনকে চিহ্নিত করা হয়েছে। এদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।’
উল্লেখ্য, গত বুধবার বেগ আর্ট ফাউন্ডেশনের পরিচালক অধ্যক্ষ ইমতিয়াজ আলম বেগ কানাডা প্রবাসী এক ভাগ্নী ও মানবাধিকার প্রতিষ্ঠানের কর্মরত আরেক ভাগ্নীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ঘুরতে আসলে শহীদুল্লাহ হলের পুকুর ঘাটে বিশ্ববিদ্যালয়ে চার শিক্ষার্থী তাদেরকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এই ঘটনায় ভুক্তভোগী অজ্ঞাতনামা চারজনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করে।
জেএ





