আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক সাধারণ সভা ও ২০১৫-১৬ বছরের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার এম বদি-উজ-জামান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিতে হয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরন।
এছাড়া, সহ-সভাপতি পদে শামিমা আক্তার (আরটিভি), যুগ্ম সম্পাদক পদে আজিজুল ইসলাম পান্নু (বৈশাখী টেলিভিশন), কোষাধ্যক্ষ হাসান জাবেদ (এনটিভি) সাংগঠনিক সম্পাদক পদে কবির হোসেন (যুগান্তর), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরাফাত মুন্না (জনকণ্ঠ) ও দপ্তর সম্পাদক পদে ফজলুল হক মৃধা (নিউজ নেক্সট বিডিডটকম) নির্বাচিত হয়েছেন।
এদিকে, কার্যকরি পরিষদ সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন, জান্নাতুল ফেরদৌস মানু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), আহমেদ সরোয়ার হোসেন ভূঁঞা (বাংলাভিশন), সুলাইমান নিলয় (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম), গোলাম রাব্বানী (নয়াদিগন্ত) ও আলমগীর হোসেন (আমার দেশ)।
প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-উল-আলম (কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার) এই নির্বাচন পরিচালনা করেন। তার সঙ্গে নির্বাচন কমিশনে অপর দুই সদস্য ছিলেন, ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
এর আগে সকালে এলআরএফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় এলআরএফের সাবেক সভাপতি ও ইউএনবির প্রধান প্রতিবেদক ফারুক কাজী, সাবেক সভাপতি ও দৈনিক বর্তমানের বিশেষ প্রতিনিধি স্বপন দাশ গুপ্ত এবং সাবেক সভাপতি ও ইত্তেফাকের আইন ও মানবাধিকার সম্পাদক সালেহউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
কেবি





