এ ঘটনায় উত্তেজিত জনতা বিক্ষোভ করে মহসিনকে আটক করে থানায় সোপর্দ করে। বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।

মাজারে আগুন দেওয়া হলে সেখানে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: টিবিএস

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবকের বাড়ি ও মাজারে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত যুবক মহসিন (৩৫) হোমনা উপজেলার আছাদনগর গ্রামের ফকির বাড়ির আলেকশাহের ছেলে।

স্থানীয়রা জানান, তিনি 'বেমজা মহসিন' নামের একটি আইডি থেকে বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে নবী (সা.) সম্পর্কে কটূক্তিমূলক পোস্ট দেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বিক্ষোভ করে মহসিনকে আটক করে থানায় সোপর্দ করে। বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।

এর আগে সকালে স্থানীয়রা মহসিনের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় বাড়ির পাশের একটি মাজারেও আগুন দেওয়া হয়। এতে মোটরবাইকসহ আসবাবপত্র পুড়ে যায়।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। তবে এ ঘটনায় কারো ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।'

এমএম