সোমবার (১৯ অক্টোবর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দুর্গাপূজার এই আয়োজন আনন্দ ও মিলনমেলার। এ উপলক্ষে দেশের সব সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় এবং প্রথম পরিচয় হলো—আমরা প্রত্যেকেই এই দেশের সন্তান, আমরা সবাই বাংলাদেশি।’
ঐতিহাসিক ঐক্যের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য দেশের মানুষ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল। তখন কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ কিংবা কে খ্রিষ্টান—তা বিবেচনা করা হয়নি। একইভাবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে লাখ লাখ মানুষ রাজপথে নেমেছিল।
নাগরিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার হতেই পারে—আমার একটি ধর্ম, আপনার আরেকটি ধর্ম; কিন্তু এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমাদের সবার।’
তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও কর্তব্য রয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হলো সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একজন বিপদে পড়লে অন্যজনের পাশে দাঁড়ানো এবং একে অপরকে রক্ষা করাই সবার দায়িত্ব হওয়া উচিত। ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাইকে মানুষ ও বাংলাদেশি হিসেবে বিবেচনা করে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
এস















