নিম্ন আদালতের নিয়োগ সংক্রান্ত সংশোধনী আইন বাতিল করে হাইকোর্টের রায়ের দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতের এই আদেশের ফলে নিম্ন আদালতে কর্মকর্তা/কর্মচারী নিয়োগ সংক্রান্ত কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এর আগে গত বছরের ১৬ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ নিম্ন আদালতের কর্মচারী নিয়োগে বাছাই কমিটিতে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবকে অন্তর্ভুক্ত করে তৈরিকৃত পৃথক দুটি বিধিমালার সংশ্লিষ্ট ধারাকে অবৈধ ও বাতিল ঘোষণা করেন।
এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার জজ তা স্থগিত করেন।
আজ এ সংক্রান্ত হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ তুলে নিলেন আপিল বিভাগ।
নিম্ন আদালতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত ‘জেলা জজ ও অধঃস্থন আদালতসমুহ এবং বিভাগীয় বিশেষ জজ আদালতসমূহ (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা’, ১৯৮৯ এর ২(ঙ) এবং এবং ‘জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর আদালতসমূহ (সহায়ক কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা’, ২০০৮ এর ২(ছ) ধারাকে বাতিল এবং অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে।
এর আগে ২০১২ সালের ৩ মে নিম্ন আদালতের কর্মচারী নিয়োগে বাছাই কমিটিতে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবকে প্রতিনিধি অন্তর্ভুক্ত করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এ বিষয়ে একটি রিট আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন।
ইআর





