আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করা হবে আজ বুধবার দুপুরে।
ডেথ রেফারেন্স ও আসামি পক্ষের করা আপিলের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চাদেব নাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে গত ৮ জুন এ দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন সঙ্গে ছিলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল মনজু নাজনিন।
আইনজীবী কাজী মো. সাজাওয়ার হোসেন আহসান উল্লাহ মাস্টারের পক্ষে মামলা পরিচালনা করেন।
আসামিপক্ষে বিচারপতি টিএইচ খান, ব্যারিস্টার মওদুদ আহমেদ,খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, মাসুদ রানা, সাইফুদ্দিন মাহমুদসহ ২৮ জন আসামীর আইনজীবীগণ।
২০০৫ সালে ডেথ রেফারেন্স ও জেল আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার শুনানি শুরু করেন আদালত।
চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই মামলা শুনানির প্রক্রিয়া শুরু হয়।
আহসান উল্লাহ মাস্টারের আইনজীবী কাজী মো. সাজাওয়ার হোসেন বলেন, চলতি বছরের জানুয়ারি মাসের ১৪ তারিখ থেকে মামলার পেপার বুক (নিথিপত্র) পাঠ শুরু হয়।
২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে মামলার প্রধান আসামি বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনের মৃত্যুদণ্ড এবং ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২২ আসামি হলেন- নুরুল ইসলাম সরকার, নুরুল ইসলাম দিপু (পলাতক), মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান মাহবুব, আমির হোসেন, সৈয়দ আহমেদ হোসেন মজনু (পলাতক), জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, শহীদুল ইসলাম শিপু (পলাতক), হাফিজ ওরফে কানা হাফিজ (পলাতক), আনোয়ার হোসেন ওরফে আনু (পলাতক), ফয়সাল (পলাতক), সোহাগ ওরফে সরু, লোকমান হোসেন ওরফে বুলু (পলাতক), আল আমিন (পলাতক), রতন মিয়া ওরফে বড় মিয়া (পলাতক), রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), জাহাঙ্গীর (পলাতক), রতন ওরফে ছোট রতন (পলাতক), আবু সালাম ওরফে সালাম (পলাতক), মশিউর রহমান ওরফে মনু (পলাতক), খোকন (পলাতক), দুলাল মিয়া (পলাতক)।
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছয় আসামি হলেন- রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর, নুরুল আমিন, মনির ও অহিদুল ইসলাম টিপু (পলাতক)। খালাস পান কবির হোসেন ও আবু হায়দার ওরফে মিরপুরইয়া বাবু।
রাষ্ট্রপক্ষ জানায়, মৃত্যুদণ্ড পাওয়া ২২ আসামির মধ্যে আট আসামি পলাতক ও দুজন মারা গেছে। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ছয় আসামির মধ্যে এক আসামি অহিদুল ইসলাম টিপু পলাতক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ছোট রতন ও আল আমিন মারা গেছেন।
বিএনপি-জামাত জোট সরকারের সময় ২০০৪ সালের ৭ মে গাজীপুর সদর থানার নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহসান উল্লাহ মাস্টারকে। সেদিন ক্ষোভে ফেটে পড়ে গাজীপুর বাসী।
ওএফ





