রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অনার্সের ফরম পূরণে বাড়তি ফি নেয়ার প্রতিবাদে পূর্ব নির্ধারিত সাধারণ ছাত্র-ছাত্রীদের মানববন্ধনে পুলিশের উপস্থিতিতে হামলা করেছে ছাত্রলীগ নেতা কর্মীরা।

হামলায় ১২ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে এ দৃশ্য ধারণ করতে গেলে সময় সংবাদের প্রতিবেদক ও চিত্রসাংবাদিকের ওপরও হামলা করে ছাত্রলীগ। এ সময় 'সময় সংবাদের' ক্যামেরা ভাংচুর ও ব্যক্তিগত মোবাইল কেড়ে নেয় তারা।

গত কয়েক দিন ধরেই ফি বৃদ্ধির প্রতিবাদে সরকারি তিতুমীর কলেজে আন্দোলন করে আসছে প্রতিষ্ঠানটির সাধারণ ছাত্র-ছাত্রীরা। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসের মধ্যেই পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা।

তবে সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই বনানী থানার ওসি সালাহ উদ্দিনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ আন্দোলনকারীদের। এসময় শিক্ষার্থীরা দিক বিদিক ছোটাছুটি করতে থাকে।

এ দৃশ্য ধারণ করতে গেলে সময় সংবাদের প্রতিবেদক ও চিত্রসাংবাদিকের ওপরও চড়াও হয় ছাত্রলীগের কর্মীরা। এসময় পাশেই পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা এগিয়ে আসেননি।

সময় সংবাদের ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি চিত্রসাংবাদিকের ব্যক্তিগত মোবাইলও ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় অন্তত ১২জন আহত হয়েছে বলে জানিয়েছেনশিক্ষার্থীরা। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ, বনানী থানা ও ছাত্রলীগেরর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

কেবি