মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।

শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।র‌্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ইউজিসির সহকারী পরিচালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

তবে আটক প্রশ্নপত্র মেডিকেলের ভর্তি পরীক্ষার কি না অন্য কোনো পরীক্ষার এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটকের এই ঘটনার মধ্যেই শুক্রবার সকাল ১০টা থেকে ১১ পর্যন্ত মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৬ সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জালিয়াতি চক্রের মূল হোতা জসিম উদ্দিন ও ডাক্তার শোভনসহ চারজনকে আটক করে র‌্যাব।

রাজধানীর মহাখলীর ডিওএইচ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় আটকদের কাছ থেকে মডেল প্রশ্নপত্র ও উত্তরপত্র এবং ১ কোটি ২১ লাখ টাকার চেকও জব্দ করা হয়।

এআই